ঘরের সানসেট ভেঙে চাপা পড়ে সন্তানসহ মায়ের মৃত্যু

বগুড়ার কাহালুতে দরজার সানসেট ভেঙে এতে চাপা পড়ে সাড়ে চার বছরের সন্তানসহ মায়ের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার শীতলাই দক্ষিণপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বগুড়ার কাহালু উপজেলার মুরইল ইউনিয়নের শীতলাই দক্ষিণপাড়ার সাইফুল ইসলামের স্ত্রী মাহফুজা বেগম (৩৫) ও তাদের সাড়ে চার বছরের শিশুপুত্র একলাস হোসেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে মাহফুজা বেগম বাড়ির প্রধান ফটকের সানসেটে উঠে খড়ের পালা (গাদা) ঠিক করছিলেন। তার ছেলে একলাস হোসেন নিচে খেলা করছিল। এ সময় হঠাৎ দরজার সানসেট ভেঙে গেলে মাহফুজা বেগম ও শিশু একলাস এর নিচে চাপা পড়েন।

স্বজনরা তাদের উদ্ধার করে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। মা ও ছেলের মৃত্যুতে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, কোনও অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মা ও সন্তানের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।