সকালেই ফলাফল শিটে এজেন্টদের সই নিয়েছেন প্রিসাইডিং কর্মকর্তা

ফাঁকা ফলাফল সিটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর পোলিং এজেন্টদের কাছ থেকে সই নেওয়ার অভিযোগ উঠেছে প্রিসাইডিং কর্মকর্তার বিরুদ্ধে। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার কোদালকাটি ইউনিয়নের উত্তর চর সাজাই মণ্ডলপাড়া কেন্দ্রে ভোট শুরুর কিছুক্ষণ পরেই এ ঘটনা ঘটে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ১১টায় পোলিং এজেন্টের কাছ থেকে ফলাফল শিটে সই নেন ওই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. শাহজালাল।

রাজিবপুর উপজেলা রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘ফাঁকা ফলাফল শিটে স্বাক্ষর নেওয়ার কোনও নিয়ম নেই। নির্দেশনা দেওয়ার পরেও প্রিসাইডিং কর্মকর্তা অনিয়ম করলে আমার করার কিছুই নেই।’

এ ব্যাপারে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত চক্রবর্তীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি জানার পর আমি দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে খোঁজ নিতে বলেছি। তিনি তদন্ত করে সত্যতা পেলে ব্যবস্থা নেবেন।’

সই নেওয়া ফলাফল শিটকোদালকাটি ইউনিয়নের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার গোলাম ফেরদৌসকে ফোন দিলে তিনি বেলা সাড়ে ৩টায় বলেন, ‘আমি কেন্দ্রে এসেছি। বিষয়টি নিয়ে খোঁজ না নিয়ে কিছু বলতে পারছি না। ফলাফল ঘোষণা পর্যন্ত আমি এই কেন্দ্রে থাকবো।’

জেলা নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম রাকিব বলেন, ‘বিষয়টি নিয়ে আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি ভুলে এটা করেছেন বলে জানিয়েছেন। ওই শিটগুলো বাতিল করে নতুন করে ফলাফল শিটে সই নেবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা।’

এদিকে, নিজের এমন কাজকে স্বীকার করে ওই প্রিসাইডিং কর্মকর্তা স্থানীয় সাংবাদিকদের জানিয়েছেন, কাজ এগিয়ে নেওয়ার স্বার্থে তিনি এমনটি করেছেন।