কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই শিশুর মৃত্যু

accident by busকিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ ও হোসেনপুর উপজেলায় পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় রুমানা আক্তার (৭) ও ফাহিম আহমেদ (৬) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা ২টা থেকে ৩টার মধ্যে এ দুইটি দুর্ঘটনা ঘটে।
করিমগঞ্জ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক মজুমদার জানান, রুমানা করিমগঞ্জ উপজেলার চামটা ঘাট থেকে কিশোরগঞ্জ শহরে আসার জন্য পরিবারের অন্যান্য সদস্যের সঙ্গে বেলা ২টার দিকে ব্যাটারিচালিত অটোরিকশায় উঠে। কিছুদূর আসার পর অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ হয়ে আহত হয়। তাকে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের নাসির উদ্দিনের মেয়ে।
অপরদিকে, জেলার হোসেনপুর উপজেলায় অন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশার চাপায় ফাহিম নামে এক শিশু মারা যায়। বেলা ৩টার দিকে উপজেলা পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহিম গোবিন্দপুর ইউনিয়নের গণমানপুরা গ্রামের আলমগীর হোসেনের ছেলে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নান্নু মোল্লা জানান, ফাহিম উপজেলার পরিষদের সামনে দিয়ে রাস্তা পারাপারের সময় ব্যাটারিচালিত একটি অটোরিকশা চাপা দিলে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে ফাহিমকে কিশোরগঞ্জ সদর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে ফাহিমের মৃত্যু হয়।

/আরএ/