ঘোষণার ২ ঘণ্টা পর নির্বাচনের ফল বদলে দেওয়ার অভিযোগ

কুমিল্লায় সপ্তম ধাপের ইউপি নির্বাচনে ঘোষণার দুই ঘণ্টা পর ফল বদলে যাওয়ার অভিযোগ উঠেছে। বুড়িচং উপজেলার ৪নম্বর ষোলনল ইউনিয়নে এ অনিয়মের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) সকালে কুমিল্লা নগরীর ঝাউতলা এলাকায় এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে ওই ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী সিরাজুল ইসলাম বলেন, ‘গত ৭ ফেব্রুয়ারি আমি নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছি। রিটার্নিং অফিসার ভোট গণনা শেষে রাত ৯টায় ৬ হাজার ২০৫ ভোট পেয়ে আমি বিজয়ী হয়েছি বলে ঘোষণা করেন। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৬ হাজার ৬৬ ভোট পেয়েছেন বলে ঘোষণা দেন তিনি। আমি আমার কর্মীদের নিয়ে নিজ বাড়িতে চলে আসি এবং ছোট পরিসরে বিজয় মিছিল করি। সোশাল মিডিয়ায় আমার কর্মীরা তা প্রকাশ করেন। পরে রাত ১২টার দিকে খবর পাই, রিটার্নিং অফিসার আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ৬ হাজার ১৬৬ ভোট পেয়েছেন জানিয়ে বিজয়ী ঘোষণা করেছেন। কর্মীদের সংযত করতে গিয়ে তাৎক্ষণিকভাবে কোনও ব্যবস্থা নিতে পারিনি। পরের দিন জেলা প্রশাসক এবং প্রধান নির্বাচন কমিশনার বরাবর অভিযোগপত্র দাখিল করি।’

তিনি আরও বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আমাদের সংসদ সদস্য মহোদয়ের কাছে আবেদন করছি, নির্বাচনি আইনের মাধ্যমে চক্রান্তকারীদের বিচার করে পুনরায় নির্বাচনের সঠিক ফল ঘোষণা করা হোক।’

এ সময় উপস্থিত ছিলেন– ষোলনল ইউনিয়নের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মফিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম।

এ বিষয়ে জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল আলম বলেন, ‘এই ধরনের অভিযোগ আমরা শুনেছি। আমাদের কাছে কোনও লিখিত অভিযোগ আসেনি। তবে লিখিত অভিযোগ পেলে আমরা বিষয়টি খতিয়ে দেখবো।’