হৃদরোগে আক্রান্ত হয়ে চবি শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অর্থনীতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বেলায়েত হোসেন (২০) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বেলায়েত হোসেনের বাড়ি রংপুরের মিঠাপুকুর উপজেলায়। তার বাবা বোরহান উদ্দিন এবং মা আঙ্গুরা বেগম। বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন বেলায়েত।

চবি মেডিক্যাল সেন্টারের চিফ মেডিক্যাল অফিসার ডা. মোহাম্মদ আবু তৈয়ব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভোর ৪টা ৪০ মিনিটের দিকে বেলায়েতকে বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারে আনা হয়। তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। তার বন্ধুরা জানিয়েছে, সে কেরু নামে অ্যালকোহল পান করেছিল। অবস্থা খারাপ দেখে সঙ্গে সঙ্গে তাকে চমেক হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।’

অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও আলাওল হলের প্রভোস্ট ড. নঈম উদ্দিন হাছান আওরঙ্গজেব চৌধুরী বলেন, ‘ভোর ৬টার দিকে চমেক হাসপাতালে বেলায়েতের মৃত্যু ঘটে। অ্যালকোহলের বিষয়টা শুনেছি। তবে অফিশিয়ালি যেটা জানলাম, হার্টের সমস্যাজনিত কারণে তার মৃত্যু হয়েছে। এটাকে বলা হচ্ছে কার্ডিও রেসপিরেটোরি ফেইলিওর।’