গোপালগঞ্জে বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী শেখ ফজলুল হক মনি সাংস্কৃতিক উৎসব। গোপালগঞ্জ শেখ ফজলুল হক মনি স্মৃতি অডিটোরিয়ামে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এ সাংস্কৃতিক উৎসবের উদ্বোধন করবেন প্রধান অতিথি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহা-পরিচালক লিয়াকত আলী লাকী।
জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ এ সব তথ্য জানিয়েছেন।
সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধনের পর আওয়ামী যুব লীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ওপর স্মৃতিচারণ অনুষ্ঠিত হবে। গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেবেন গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশাসক চৌধুরী এমদাদুল হক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান।
সাংস্কৃতিক উৎসবের প্রথম দিনে বৃহস্পতিবার বিকেলে গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠানের শুভ সূচনা করবেন। এরপর বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পী ও কলাকুশলীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির এ্যাক্রোবেটিক দলের এ্যাক্রোবেটিক শো প্রদর্শণের মধ্য দিয়ে প্রথম দিনের বর্নাঢ্য সাংস্কৃতিক আয়োজনের সমাপ্তি ঘটবে।
/আরএ/