কুষ্টিয়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন তিন সাংবাদিক। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের রাজারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হামলায় আহত তিন সাংবাদিক হলেন– এসএ টেলিভিশন ও দৈনিক ভোরের কাগজের জেলা প্রতিনিধি নূর আলম দুলাল, এসএ টেলিভিশনের ক্যামেরাপারসন হাবিব এবং দৈনিক ডেইলি সানের কুষ্টিয়া প্রতিনিধি রেজাউল করিম রেজা। তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত সাংবাদিকরা জানান, মঙ্গলবার রাতে রাজারহাট মোড় এলাকায় সাংবাদিকরা মাদক বেচাকেনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে ভিডিও ধারণ করতে গেলে মাদক ব্যবসায়ীরা লাঠিসোঁটা দিয়ে তাদের বেধড়ক পেটায় এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। পরে তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
কুষ্টিয়ার পুলিশ সুপার (এসপি) খাইরুল আলম বলেন, ‘বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’