স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে

মাদারীপুরের শিবচরে স্বামী রেজ্জেক তালুকদারের ছুরিকাঘাতে স্ত্রী আয়েশা (৩০) নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। শিবচর থানার উপপরিদর্শক শোভন এ তথ্য নিশ্চিত করেন।

রেজ্জেক তালুকদার উপজেলার শিবচর ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের বাসিন্দা। তিনি ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তার স্ত্রী আয়েশা দুই সন্তানের মা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যা ৭টার দিকে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামী রেজ্জেক তালুকদার রাগান্বিত হয়ে ঘরে থাকা ছুরি দিয়ে পেটে ও নাকের কাছে আঘাত করলে স্ত্রী ঘটনাস্থলে লুটে পড়েন। এ সময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

নিহতের প্রতিবেশী সজীব নামে এক যুবক বলেন, ‘তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিষয় নিয়ে ঝামেলা চলছিল। সন্ধ্যার দিকে আমি বাড়ির এটু দূরে ছিলাম। আমার স্ত্রী ফোন দিয়ে ঘটনা জানালে আমি তাড়াতাড়ি হাসপাতালে চলে আসি।’

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কতর্ব্যরত চিকিৎসক ডা. তরিকুল ইসলাম বলেন, ‘আমি ৯টার দিকে নাইট ডিউটিতে আসি। আমি যতটুকু জানতে পারি, এ রোগীটি মৃত অবস্থায় এখানে আসে। তার শরীরে দুটি ছুরির আঘাত আমরা দেখতে পেয়েছি।’

উপপরিদর্শক শোভন বলেন, ‘রাত সাড়ে ৮টার দিকে আমরা ঘটনার সংবাদ পাই। ঘটনাস্থলে এসে আমরা মরদেহটি উদ্ধার করি। কী কারণে এ ঘটনা ঘটেছে আমরা খতিয়ে দেখছি। আমরা আশার আগেই রেজ্জেকসহ তার পরিবারের লোকজন পালিয়ে যায়।’