পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ভেসে থাকা অবস্থায় দুই শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম জানান, শনিবার (১৬ এপ্রিল) সকালে কলাপাড়া উপজেলায় পৃথক স্থানে এ মৃত্যুর ঘটনা ঘটেছে।
মৃত শিশুরা হলো– টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের রাজিব সরদারের ছেলে তাসিন (২) এবং নীলগঞ্জ ইউনিয়নের পাখিমারা গ্রামের ইউসুফ হাওলাদারের মেয়ে সাদিয়া (৪)।
মৃত তাসিনের দাদা শাহাবুদ্দিন সরদার জানান, শনিবার সকাল ৮টার দিকে রজপাড়া গ্রামের নিজ বাড়ির উঠানে খেলছিল দুই বছরের তাসিন। এ সময় সবার অগোচরে সে উঠানের পাশে পুকুরে পড়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুরে তার মরদেহ ভাসতে দেখেন। তাৎক্ষণিক তাসিনকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
এদিকে অপর ঘটনায় সকাল ১০টার দিকে পাখিমারা গ্রামে নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয় চার বছরের শিশু সাদিয়ার মরদেহ। তার দাদা জামাল হাওলাদার জানান, বাড়ির বেড়া বুননের কাজ করছিল পরিবারের লোকজন। পাশেই খেলছিল ছিল সাদিয়া। কিছুক্ষণ পর উঠানে সাদিয়াকে না দেখে অনেক খোঁজাখুঁজির পর পুকুরে ভাসতে দেখেন তারা। তাৎক্ষণিক উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি জানান, এ দুটি ঘটনায় থানায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।