বরিশাল মহানগরসহ জেলার বিভিন্ন উপজেলার কিছু মানুষ সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদুল ফিতর উদযাপন করছেন। জেলার প্রায় অর্ধশত মসজিদে সোমবার সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
জানা গেছে, আজ বরিশালে ঈদ করছেন চট্টগ্রামের চন্দনাইশের জাহাগীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারীরা।
বরিশাল নগরীর তাজকাঠীর হাজীবাড়ী জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদের সেক্রেটারি মোমিন উদ্দিন কালু বলেন, নগরীর পূর্ব হরিনাফুলিয়ার চৌধুরীবাড়ি শাহ সুফী মমতাজিয়া জামে মসজিদ, তাজকাঠীর হাজী বাড়ির জাহাগিরিয়া শাহ সুফি মমতাজিয়া জামে মসজিদ, দক্ষিণ সাগরদীসহ আশপাশের প্রায় ৫শ’র অধিক পরিবার ঈদ পালন করছে।
বাবুগঞ্জ উপজেলা বাসিন্দা এবং জাহাগীরিয়া শাহ সুফি মমতাজিয়া দরবার শরিফের অনুসারী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘বাবুগঞ্জ উপজেলার খানপুরা, কেদারপুর, মাধবপাশাসহ ছয়টি গ্রামের এক হাজারের অধিক পরিবার আজ ঈদ উদযাপন করছে।’
তিনি আরও বলেন, ‘জেলার মুলাদী, হিজলা, মেহেন্দীগঞ্জ উপজেলায় এবং সদর উপজেলার চন্দ্রমোহন, পতাং, লাহারহাট গ্রামের জাহাগিরি সুফি দরবারের প্রায় দুই হাজার অনুসারী রয়েছে।’
মোমিন উদ্দিন ও নজরুল ইসলামের দাবি, জেলার ১০ উপজেলায় ৫ সহস্রাধিক পরিবার রয়েছে তাদের তরিকার অনুসারী। তারা আজ ঈদ উদযাপন করছেন।