চট্টগ্রামে বাণিজ্য মেলায় স্টল বসানোকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মঈনুদ্দিন (৩০) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. মোবারক (২৭) নামে আরও এক ব্যক্তি আহত হয়েছেন।
কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির জানান, বৃহস্পতিবার (৯ জুন) ভোর ৪টায় কোতয়ালি থানাধীন কাজির দেউড়ি ২ নম্বর গলির আব্দুর রাজ্জাকের ভবনের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মঈনুদ্দিন চান্দগাঁও থানাধীন পাঠান্না গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে।
কোতয়ালি থানার ওসি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পলোগ্রাউন্ড মাঠে চলমান বাণিজ্য মেলায় কাপড়ের স্টল বসানোকে কেন্দ্র করে তাদের পূর্বপরিচিত আবু আহম্মেদ বাবুর (পিস্তল বাবু) সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ভিকটিমকে অতর্কিতভাবে ছুরিকাঘাত করলে গুরুতর আহত হন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে চেষ্টা চলছে।’
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, ‘ছুরিকাঘাতে আহত দুজনকে গুরুতর আহত অবস্থায় ভোর সাড়ে ৪টায় চমেক হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে মঈনুদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত মোবারক চিকিৎসাধীন আছেন।’