বাল্যবিয়ে: কাজিসহ ৩ জনের কারাদণ্ড

বাগেরহাটে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কাজিসহ বর-কনের অভিভাবককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ জুলাই) রাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্তদের রাতেই কারাগারে পাঠানো হয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হলেন– বিয়ের কাজি আতাউল বারী, কনের বাবা বাগেরহাট সদর উপজেলার ফতেপুর এলাকার কবির সরদার, ছেলের বাবা একই উপজেলার গোবরদিয়া এলাকার সজীব হাওলাদার।

বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের নাগেরবাজার এলাকায় বিবাহ নিবন্ধক কাজি আতাউল বারীর অফিসে অভিযান চালানো হয়। সে সময় ছেলেমেয়ের জন্মনিবন্ধনসহ অন্য কাগজপত্র যাচাই-বাছাই করে বাল্যবিয়ের প্রমাণ পাওয়া যায়। কবির সরদার তার স্কুল পড়ুয়া কিশোরী মেয়েকে একজন প্রাপ্তবয়স্ক যুবকের সঙ্গে বিয়ে দিয়েছেন। সজীব হাওলাদার তার অপ্রাপ্তবয়স্ক ছেলেকে প্রাপ্তবয়স্ক মেয়ের সঙ্গে বিয়ে দিয়েছেন। বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৭-এর অধীনে অপরাধ প্রমাণিত হওয়ায় তিন জনকে ছয় মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত তিন জনকে রাতেই পুলিশের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।