রংপুরে অবৈধভাবে সার মজুতের দায়ে এক ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে অবৈধভাবে মজুত করা দুই হাজার ২শ’ বস্তা সার জব্দ করা হয়েছে। রবিবার (২৮ আগস্ট) নগরীর রবার্টসনগঞ্জ এলাকার একটি গোডাউন থেকে এই সার জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আহমেদ জানান, মেসার্স আর অ্যান্ড আর এন্টারপ্রাইজের মালিক সার ডিলার জসীম উদ্দিন রংপুর সদর উপজেলার মমিনপুর ইউনিয়নের সারের ডিলার। কিন্তু তিনি নিজ এলাকার নির্দিষ্ট পয়েন্টে সার রাখেননি। কালোবাজারে বিক্রির জন্য রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় একটি গোডাউনে অবৈধভাবে সার মজুত করেছেন। এমন সংবাদ পেয়ে রংপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর নাহার বেগম, কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ওই গোডাউনে অভিযান চালিয়ে দুই হাজার ২শ বস্তা সার জব্দ করেন। এসব সারের মধ্যে রয়েছে টিএসপি, এমওপি ও ইউরিয়া। পরে ওই ডিলারকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, ‘রংপুর নগরীর একটি গোপন গোডাউনে অবৈধভাবে সার মজুত করায় ডিলার জসীম উদ্দিনকে জরিমানা ও সব সার জব্দ করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, সার ডিলার জসীম উদ্দিন নিজের এলাকা বাদ দিয়ে নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় গোপন গোডাউনে সার রাখার বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি। পরে অবৈধভাবে সার মজুত রাখার অভিযোগে তাকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সব সার জব্দ করা হয়েছে।
সার ডিলার জসীম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত থাকলেও এ বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি।