ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার খেওড়া গ্রামে পুকুরের পানি থেকে চার বছর বয়সী দুই শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। সম্পর্কে তারা চাচাতো বোন। কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, বুধবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।
মৃত দুই শিশু হলো– ওই গ্রামের রবিন মিয়ার মেয়ে আলেয়া আক্তার এবং তার আপন ভাই রাজীব মিয়ার মেয়ে জান্নাত আক্তার।
স্থানীয়রা জানান, বাড়ির সদস্যরা নতুন ঘর নির্মাণ নিয়ে ব্যস্ত থাকায় তাদের অজান্তে আলেয়া ও জান্নাত গোসল করতে বাড়ির পাশের পুকুরে নামে। পরে তাদের লাশ পুকুরের পানিতে ভেসে উঠলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
কসবা থানার ওসি জানান, সকালে উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তারা জানতে পারে, মৃত শিশুদের দাফন সম্পন্ন হয়ে গেছে। পরিবারের আপত্তি না থাকায় পুলিশ ঘটনাস্থল থেকে পরিবারের কাছ থেকে অনাপত্তিপত্র নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
দুই শিশুর মৃত্যু ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে।