কুষ্টিয়ার মিরপুরে রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে মিরপুর রেলগেট সংলগ্ন এলাকায় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে এ দুর্ঘটনা ঘটে। পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত দুজন হলো– কুষ্টিয়ার মিরপুর পৌরসভার নওপাড়া গ্রামের আজিম আলীর ছেলে নাঈম ইসলাম (১৫) এবং একই উপজেলার চিথলিয়া ইউনিয়নের পাহাড়পুর গ্রামের রবিউল শাহর মেয়ে রিতু খাতুন (১৪)। নাঈম মিরপুর বর্ডার গার্ড পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং রিতু মিরপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে দুটি ছেলে এবং একটি মেয়ে মিরপুর রেলগেট সংলগ্ন এলাকার রেল লাইন পার হচ্ছিল। সে সময় চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের।
কুষ্টিয়ার মিরপুর রেলওয়ে স্টেশনের কর্মরত মোস্তফা কবির বলেন, ‘বিকাল ৩টা ১৫ মিনিটের দিকে চিলাহাটি থেকে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।’
পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজের আলী বলেন, ‘ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই দুই জন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছি। এ বিষয়ে পরে বিস্তারিত জানাতে পারবো।’