দুই মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদণ্ড

ফরিদপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় দোষী সাব্যস্ত করে দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

রবিবার (২৩ অক্টোবর) দুপুরে ফরিদপুরের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক অশোক কুমার দত্ত এ রায় দেন।

বিকালে ফরিদপুর জর্জ কোর্টের আইনজীবী শাহ মো. আবু জাফর এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত ওই দুই আসামি হলেন– ফরিদপুর শহরের উত্তর আলীপুর মহল্লার পান্নু বিশ্বাস (৫৪) এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামের রিপন গাজী (৩৮)। রায় ঘোষণার সময় পান্নু বিশ্বাস আদালতে হাজির ছিলেন। রিপন গাজী পলাতক।

২০১৩ সালের ১৭ মে র‌্যাবের ডিএডি মো. ফিলিপ্স আলি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফরিদপুর কোতয়ালি থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৩ সালের ১৭ মে সন্ধ্যায় ফরিদপুর সদরের গঙ্গাবর্দী বেইলি সেতুর এলাকায় একটি মোটরসাইকেল আরোহী ওই দুই ব্যক্তিকে আটক করা হয়। সে সময় তাদের কাছ থেকে একটি প্লাস্টিকের ব্যাগে রাখা ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ছাড়া তাদের চালিত একটি ওয়ালটন মোটরসাইকেল জব্দ করা হয়। আসামিরা ভারতের সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল সংগ্রহ করে ফরিদপুর শহরসহ বিভিন্ন এলাকায় বিক্রি করতো।

মামলাটি তদন্ত করে ফরিদপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহসিনুল হক ওই দুই ব্যক্তির নামে গত ২০১৩ সালের ২২ জুলাই আদালতে অভিযোগপত্র জমা দেন।

আদালতের পিপি নবাব আলী মৃধা জানান, ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পান্নু বিশ্বাস (৫৪) ও রিপন গাজীর (৩৮) বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ড দেন আদালত।