জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে হেলিকপ্টারে টাঙ্গাইলে আসছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার (৭ নভেম্বর) দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। মন্ত্রীর একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্মেলনটি জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মহাসমাবেশে পরিণত হবে বলে মনে করছেন নেতাকর্মীরা। সম্মেলনস্থল টাঙ্গাইল স্টেডিয়াম থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের গোড়াই পর্যন্ত ব্যানার, ফেস্টুন ও বঙ্গবন্ধুসহ বিভিন্ন নেতার নামে তোরণ করা হয়েছে।
ওবায়দুল কাদেরের একান্ত সচিব গৌতম চন্দ্র পাল চিঠির মাধ্যমে জানান, সম্মেলনে যোগ দিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের দুপুর ২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টাঙ্গাইলের উদ্দেশ্যে রওনা হবেন। আড়াইটায় টাঙ্গাইল সার্কিট হাউজ সংলগ্ন হেলিপ্যাডে অবতরণ করে সেখানে যাত্রাবিরতি করবেন। এরপর ৩টায় টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দেবেন। বিকাল সাড়ে ৪টায় ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।
জেলা ও উপজেলা আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মীরা জানিয়েছেন, বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা একুশে পদকপ্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক এবং বর্তমান সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি নিজ নিজ পদে বহাল থাকতে পারেন। একই রকম আভাস মিলেছে কেন্দ্রীয় নেতাদের তরফ থেকেও। সভাপতি পদে বর্তমান সভাপতি ফারুক একক প্রার্থী। তবে সাধারণ সম্পাদক পদে জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খন্দকার আশরাফউজ্জামান স্মৃতিসহ বেশ কয়েক জন প্রার্থী রয়েছেন।
সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এমপি। জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সম্মেলন সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি। সম্মেলনে আওয়ামী লীগের শীর্ষ পদে থাকা নেতাদের অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।
প্রসঙ্গত, ২০১৫ সালের ১৮ অক্টোবর সম্মেলনের মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সভাপতি এবং জোয়াহেরুল ইসলাম এমপি সাধারণ সম্পাদক নির্বাচিত হন।