এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৮৯ দশমিক শূন্য ২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ২শ’ ১৬ জন। মেয়েরা জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে আছে। মেয়েরা জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৪৪৮ জন, ছেলেরা পেয়েছে ৬ হাজার ৭৬৮ জন।
ময়মনসিংহ শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, পরীক্ষায় অংশ নেয় এক লাখ ৯ হাজার ৯শ’ ৫২ পরীক্ষার্থী। তাদের মধ্যে পাস করেছে ৯৭ হাজার ৮শ’ ৮২ জন।
বিভাগ বোর্ডে বিভাগভিত্তিক ফলাফলে পাসের হার বিজ্ঞান বিভাগে ৯৮.৫৯ শতাংশ, মানবিক বিভাগে ৮৩.৩৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯০.৪৪ শতাংশ। জেলাভিত্তিক পাসের হার– নেত্রকোনা ৮৮.৫৯ শতাংশ, জামালপুর ৮৯.৫২ শতাংশ, ময়মনসিংহ ৮৮.৯০ শতাংশ এবং শেরপুর ৮৯.১৪ শতাংশ।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চার জেলার ১৪৮টি কেন্দ্রে এক হাজার ৩০৩টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছিল। এর মধ্যে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৬৪টি।
ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. গাজী হাসান কামাল জানান, শিক্ষক ও অভিভাবকদের অক্লান্ত পরিশ্রম এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের কারণেই ভালো ফল করা সম্ভব হয়েছে। এই ধারা অব্যাহত রাখার জন্য ভবিষ্যতেও উদ্যোগ নেওয়া হবে।