ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ রেখেছে ঘাট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় দুর্ঘটনা এড়াতে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় নদী পারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে আটকে পড়েছে শত শত যানবাহন। তীব্র শীতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও যানবাহন চালকরা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন জানান, ঘন কুয়াশার কারণে ফেরি চলাচলে সমস্যা হচ্ছে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু হবে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় ১১টি ফেরি চলাচল করছে।