বৃহস্পতিবার বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ইমিগ্রেশন চেকপোস্ট চালুর বিষয়টি ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশ ও ভারতের জন্য। এর ফলে ব্যবসা-বাণিজ্যে যুগান্তকারী পরিবর্তনসহ পর্যটনের ক্ষেত্রে অভাবনীয় বিকাশ ঘটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির যোগ্য নেতৃত্বে দুই দেশের সম্পর্কের যে সেতুবন্ধন তৈরি হয়েছে তার ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।’
এসময় উপস্থিত ভারতের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জেনারেল (অব.) ড. বিজয় কুমার সিং বলেন, ‘আমি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম তাই বাংলাদেশের প্রতি আমার গভীর ভালোবাসা রয়েছে। এ বন্দর উদ্বোধনের মধ্য দিয়ে মৈত্রী, বাণিজ্য, পর্যটন, শিক্ষা-সংস্কৃতি চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে উভয় দেশই লাভবান হবে।’
এর আগে দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের নেতৃত্বে বাংলাদেশের প্রতিনিধি দল হেলিকপ্টার যোগে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নে এসে অবতরণ করেন।
অন্যদিকে বিকেল ৩টার পর ভারতীয় প্রতিনিধি দল ভারতের ফুলবাড়ী সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। তাদের বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে অভ্যর্থনা জানিয়ে বাংলাবান্ধা স্থলবন্দরে নিয়ে আসা হয়। তাদের স্বাগত জানান ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোয়াজ্জেম আলী, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা, ডেপুটি হাইকমিশনার অভিজিত চট্রোপাধ্যায়।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৩২ জনের একটি প্রতিনিধি দল বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারতে ভ্রমণ করতে যান।
এদিকে বাংলাবান্ধা স্থলবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালুর খবর পেয়ে হাজার হাজার মানুষ স্থলবন্দর এলাকায় ভিড় করে।
/এনএস/ এএইচ/আপ-এআর/