গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো কিশোরের

ভোলায় গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. সিরাজ (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। রবিবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের চরসামাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সিরাজ ওই গ্রামের শাহে আলম মিঝির ছেলে। সে পেশায় দিনমজুর ছিল।

পরিবারের বরাতে ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো. নিজাম উদ্দিন জানান, বেলা ১টার দিকে সিরাজ বাড়ির বাগানে গাছ কাটতে যায়। গাছের উপরে ওঠে ডালপালা কাটা শুরু করে। এ সময় একটি ডাল ভেঙে পাশে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে যায়। তখন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই সিরাজের মৃত্যু হয়।

তিনি আরও জানান, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্তে ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।