হাতিয়ায় গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর করলো নৌবাহিনী

নোয়াখালীর হাতিয়ায় গৃহহীনদের জন্য নির্মিত ৬০টি ব্যারাক হাউজ উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে নৌবাহিনী। মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে উপজেলার জাহাজমারা ইউনিয়নের বিরবিরি গ্রামে আনুষ্ঠানিকভাবে এই আশ্রয়ণটি হস্তান্তর করা হয়।

জানা গেছে, ‘বিরবিরি আশ্রয়ণ’ নামে এই প্রকল্পটি নৌবাহিনী ২০১৯ সাল থেকে বাস্তবায়ন করে আসছে। এতে পাঁচ ইউনিট বিশিষ্ট ৬০টি ব্যারাক তৈরি করা হয়েছে। যাতে ৩০০টি পরিবার বসবাস করতে পারবে। প্রতিটি পরিবারের জন্য একটি করে থাকার ঘর, একটি রান্নাঘর এবং একটি বারান্দা তৈরি করা হয়েছে। প্রকল্পে গভীর নলকূপ স্থাপনের পাশাপাশি আধুনিক শৌচাগার তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীনে এই প্রকল্প বাস্তবায়ন করছে নৌবাহিনী। সম্পূর্ণ সরকারি জায়গায় এই প্রকল্প বাস্তবায়ন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন– চট্টগ্রাম নৌ-অঞ্চলের লেফটেন্যান্ট কমান্ডার তৌহিদুল ইসলাম, হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কায়সার খসরু, উপজেলা প্রকল্প কর্মকর্তা আবুবক্কর ছিদ্দিক ও ইউপি সদস্য মিরাজ উদ্দিন প্রমুখ।