কুষ্টিয়ার মিরপুর উপজেলায় যাত্রীবাহী একটি বাসে তল্লাশি চালিয়ে এক কেজি ১০০ গ্রাম হেরোইন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১১ এপ্রিল) দুপুরে উপজেলার রানাখড়িয়া জ্যোতি তেল পাম্পের সামনে কুষ্টিয়াগামী শতরুপা পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় এই হেরোইন জব্দ করা হয়।
কুষ্টিয়া (৪৭ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মিরপুর উপজেলার রানাখড়িয়া জ্যোতি তেল পাম্পের কুষ্টিয়াগামী শতরুপা পরিবহন নামে একটি বাসে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল ইসলামের নেতৃত্বে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় এক কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করে বিজিবি।
যার আনুমানিক মূল্য ২২ লাখ টাকা। এ বিষয়ে মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি করা হবে।