বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুর সার্ভিস লেনে মোটরসাইকেল চলাচল শুরু হচ্ছে। মোটরসাইকেল চলাচলের জন্য সেতুর উভয়প্রান্তের টোল প্লাজাসহ সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (১৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা সেতু উত্তর টোল প্লাজা এলাকা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের এ তথ্য জানান সেতু বিভাগের সচিব মনজুর হোসেন।
সেতু বিভাগের সচিব মো. মনজুর হোসেন বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পদ্মা সেতুতে টোল পরিশোধ করে মোটরসাইকেল পারাপার করা যাবে। মোটরসাইকেলের জন্য আলাদা ডেডিকেটেড বুথসহ সার্ভিস লেন থাকবে। বাইকারদের প্রতি অনুরোধ, তারা যেন আমাদের নির্দেশনা মেনে, নিয়ম মেনে পদ্মা সেতু পার হন। এতে অনাকাঙ্ক্ষিত কোনও দুর্ঘটনা ঘটবে না; সবাই ঈদুল ফিতর উপলক্ষে স্বাচ্ছন্দ্যে বাড়িতে যেতে পারবেন।’
তিনি আরও বলেন, ‘পদ্মা সেতুর উপরে সব যানবাহনের সর্বোচ্চ গতিসীমা ৬০ কিলোমিটার। মোটরসাইকেলের জন্যও একই গতিসীমা নির্ধারণ করা হয়েছে। কোনও যানবাহন ৬০ কিলোমিটারের বেশি গতিতে চললে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে।’
তিনি জানান, একটি বাইক ডেডিকেটেড টোল বুথে গড়ে প্রতি মিনিটে চারটি বাইক পার হতে পারবে। পাশাপাশি অন্য বুথ ফাঁকা থাকলে সেদিক দিয়েও বাইক পার করার নির্দেশনা দেওয়া আছে।
আগামীতে পদ্মা সেতুতে মোটরসাইকেল চালুর ইঙ্গিত দিয়ে তিনি বলেন, ‘নিয়মের মধ্যে থাকলে ঈদযাত্রা ছাড়াও পদ্মা সেতুতে মোটরসাইকেল চলবে কিনা সে বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে।
‘সব মিলিয়ে ঈদযাত্রায় আমরা প্রস্তুত আছি। এখন যদি যাত্রীরাও প্রস্তুত থাকেন অর্থাৎ নিয়ম মেনে পদ্মা সেতুসহ সব সেতু পার হন তাহলে ঈদের যাত্রা সবার জন্য স্বাচ্ছন্দ্যের হবে।’
এ সময় পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী দেওয়ান আব্দুল কাদের, নির্বাহী প্রকৌশলী রজ্জব আলীসহ সেতু বিভাগের ঊর্ধ্বতন কর্মকতা ও স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।