নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির দুই দিন পর ওসানা আক্তার (১২) নামে নিখোঁজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে রূপগঞ্জের শীতলক্ষ্যা নদীর সুইচগেট ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
এর আগে, গত বুধবার বিকালে ওসানাসহ পরিবারের সদস্য ও স্বজনরা নৌকায় শীতলক্ষ্যা নদী পার হওয়ার সময় বাল্কহেডের ধাক্কায় নৌকাটি ডুবে যায়। এ সময় তাদের আট জনকে উদ্ধার করা হয়। তবে ওসানা নিখোঁজ ছিল।
নিহত ওসানা সোনারগাঁও উপজেলার পেরাব এলাকার আবু সাইদের মেয়ে ও জলসিড়ি শেখ রাসেল ক্যান্টনমেন্ট স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। এ ঘটনায় আবু সাইদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন। পরে বাল্কহেডের চালকসহ চার জনকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতাররা হলেন- সফিকুল ইসলাম, সারাফাত হোসেন সোহাগ, সোহান লষ্কর ও মিরাজ মৃধা।
নিহতের বাবা আবু সাইদ জানান, ঈদ উপলক্ষে গত বুধবার বিকাল ৩টার দিকে মেয়ে ওসানাসহ পরিবারের ৯ জনকে নিয়ে রূপগঞ্জে শ্বশুর বাড়িতে বেড়াতে যান। ওই সময় তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘাট দিয়ে নৌকাযোগে নদী পার হচ্ছিলেন। এ সময় বালুবাহী একটি বাল্বহেড নৌকাটিকে ধাক্কা দেয়। এতে নৌকাটি ডুবে যায়। স্থানীয়দের সহযোগিতায় ৮ জনকে উদ্ধার করা হয়। তবে ওসানা নদীতে ডুবে যায়। পরে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে কাজ শুরু করে।
ইছাপুরা নৌপুলিশের পরিদর্শক মো. মাহাবুব জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাশাপাশি নৌপুলিশের উদ্ধারকারী টিম কাজ করেছে। শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, নৌকাডুবির ঘটনায় মামলা হয়েছে। মামলায় চার জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। তদন্ত চলছে।