আড়িয়াল বিলে কৃষকের ধান কেটে দিলো স্বেচ্ছাসেবক লীগ

মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে জিল্লুর রহমান নামে এক কৃষকের জমির ধান কেটে, মাড়াই করে বাড়ি পৌঁছে দিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে শ্রীনগর উপজেলার শ্যামসিদ্ধি ইউনিয়নের গাদিঘাট এলাকায় ধান কাটা শুরু হয়।

এতে অংশ নেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু, সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুসহ দেড়শতাধিক নেতকর্মীরা।
 
কৃষকের ধান কেটে দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু বলেন, ‘এই মাসটি একটি দুর্যোগপ্রবণ মাস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি  ঘূর্ণিঝড় হয়ে থাকে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন যার যার অবস্থান থেকে কৃষকদের সহায়তা করার জন্য। যে কৃষকের জমিতে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না তার জমির ধান কেটে মাড়াই করে ঘরে পৌঁছে দেওয়ার জন্য। এরই অংশ হিসেবে স্বেচ্ছাসেবক লীগ আজ ধান কেটে ও বাড়ি পৌঁছে দেওয়ার কার্যক্রমের সূচনা করলো।’ 

‘দেশের মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদের এই কার্যক্রম। এরই ধারাবাহিকতায় আমরাও যার যার জেলা ও উপজেলার নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছি গ্রামে গিয়ে কৃষকের ধান কেটে দেওয়ার।’

ধান কাটা শেষে স্থানীয় ২০০ কৃষকের মধ্যে লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আল মাহমুদ বাবু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম পিন্টু, শ্রীনগর উপজেলা সভাপতি নিশাদ শিকদার, সাধারণ সম্পাদক হামিদুল্লাহ খান মুন।