স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী গ্রেফতার

ঝিনাইদহে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে জহুরুল ইসলাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। মঙ্গলবার ভোরে শহরের আরাপপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জহুরুল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বাসিন্দা।

র‌্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ইশতিয়াক হোসাইন জানান, শনিবার ঝিনাইদহের আরাপপুরের একটি ভাড়া বাসায় যৌতুকের টাকা না দেওয়ায় স্ত্রী সীমা খাতুনের সঙ্গে বাগবিতণ্ডা হয় জহুরুলের। এক পর্যায়ে সে ইট ও হাতুড়ি দিয়ে স্ত্রীকে গুরুতর আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় সীমার মৃত্যু হয়। এ ঘটনায় ওইদিনই নিহতের বাবা কামাল হোসেন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর র‌্যাব অভিযান শুরু করে। পরে আরাপপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। যৌতুক ও পারিবারিক কলহের কারণেই এ হত্যাকাণ্ড।