চট্টগ্রামে এক যুগ আগে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে আবদুর সবুর নামে এক ব্যক্তিকে হত্যার ঘটনায় দুজনকে মৃত্যুদণ্ড এবং একজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (৩১ মে) দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মুহাম্মদ আমিরুল ইসলামের আদালত এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো– মো. জাবেদ ও হাবিজ আহমদ। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামির নাম মিন্টু মিয়া। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিল। অভিযোগ প্রমাণিত না হওয়ায় চার জনকে খালাস দেওয়া হয়েছে।
আদালতের অ্যাডিশনাল পাবলিক প্রসিকিউটর এম সিরাজুল মোস্তফা মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
আদালত সূত্র জানায়, ২০১০ সালের ৫ নভেম্বর চট্টগ্রামের কর্ণফুলী থানাধীন খোয়াজনগর এলাকায় নিজ বসতভিটার পাশে আসামিরা জমি দখলের জন্য স্থাপনা নির্মাণের চেষ্টা করে। এতে আবদুস সবুর ও তার ভাই আবদুল করিম বাধা দেন। সে সময় আসামিরা ক্ষিপ্ত হয়ে ছোরা, লোহার রড, লাঠিসোঁটা দিয়ে তাদের আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আবদুর সবুরকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী খুরশিদা বেগম বাদী হয়ে কর্ণফুলী থানায় মামলা করেন। মামলায় দশ জনকে আসামি করা হয়।
মামলাটি তদন্ত শেষে ২০১১ সালের ১৯ নভেম্বর নয় জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন কর্ণফুলী থানার এসআই উৎপল বড়ুয়া। ২০১৫ সালের ৮ এপ্রিল চার্জশিটভুক্ত নয় আসামির মধ্যে আট জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। চার্জ গঠনের আগে এক আসামি মারা যাওয়ায় তাকে অভিযোগ গঠন থেকে বাদ দেওয়া হয়।
এডিশনাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা মাহমুদ বলেন, ‘সাত আসামির মধ্যে তিন জনকে দণ্ড দেওয়া হয়েছে। এ মামলায় ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।’