চট্টগ্রামে অ্যাম্বুলেন্স থেকে ২২ হাজার ৩৬০টি ইয়াবা উদ্ধারের ঘটনায় মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (১৪ জুন) অতিরিক্ত জেলা ও দায়রা জজ সরওয়ার আলমের আদালত এ রায় দেন।
দণ্ডিত আসামিরা হলো– অ্যাম্বুলেন্স চালক শাহিদ সোহেল ও হেলপার শিমুল শর্মা।
চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘অ্যাম্বুলেন্স থেকে ইয়াবা উদ্ধারের ঘটনায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি বিশ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক বছরের কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আসামি শাহিদ সোহেল জামিনে গিয়ে পলাতক হয় এবং অপর আসামি শিমুল শর্মা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিল। তাকে কারাগারে পাঠানো হয়েছে।’
আদালত সূত্র জানায়, ২০২১ সালের র্যাব-৭-এর একটি টিম সীতাকুণ্ড থানাধীন ভাটিয়ারী ফিলিং স্টেশনের সামনে চট্টগ্রাম-ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি শুরু করে। কক্সবাজার থেকে আসা একটি সাদা রঙের অ্যাম্বুলেন্স তল্লাশি করে ২২ হাজার ৩৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় চালক ও হেলপারকে। এ ঘটনায় র্যাব-৭-এর ডিএডি শহিদুল আলম বাদী হয়ে সীতাকুণ্ড থানায় মামলা দায়ের করেন।