কুমিল্লায় বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ

কুমিল্লার লাকসামে বিএনপির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কালামের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এর আগে বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা হয় বলে অভিযোগ করা হয়। এসব হামলায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। সোমবার সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন, আবুল কালামের ছোট ভাই ও লাকসাম উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শাহ আলম।

শাহ আলম সাংবাদিকদের জানান, রবিবার রাত সাড়ে ৯টা থেকে ১০টা পর্যন্ত আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের লোকজন আবুল কালামের লাকসাম পৌরভবন সংলগ্ন বাড়িতে হামলা করে। এ সময় তিনতলা বাড়ির তালা ভেঙে কক্ষগুলোতে প্রবেশ করে তারা। জানালা ও দরজার কাঁচগুলো ভেঙে দেয়।

তিনি আরও অভিযোগ করেন, এর আগে গত শুক্রবার ছিল লাকসাম উপজেলা, পৌরসভা ও মনোহরগঞ্জ উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন। সম্মেলনের আগের দিন বৃহস্পতিবার রাতে হামলা করা হয় বিএনপির লাকসাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক আব্দুর শোকরের বাড়িতে। এ সময় পা ভেঙে দেওয়া হয় তিন নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ কালামের। পরিবারসহ হামলার শিকার হন সাবেক ছাত্রদল নেতা অ্যাডভোকেট নাজমুল হাসান রনি। একই দিনে হামলা চালানো হয় গোবিন্দপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক রবিউল হোসেন, নরপাটি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলী হোসেনসহ কান্দিরপাড় ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বাড়িতে। হামলায় গুরুতর আহত হন– কান্দিরপাড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম, যুবদল সভাপতি মোহাম্মদ মাসুদ, মো. সোহাগ, কান্দিরপাড় উত্তর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরু কাতারীসহ নেতাকর্মীরা। তাদের কারও হাত ভেঙেছে, কারও পা। অনেককে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে।

বিএনপি নেতা শাহ আলম এসব হামলার তীব্র প্রতিবাদ জানান। সেই সঙ্গে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে লাকসাম পৌর আওয়ামী লীগ সেক্রেটারি রফিকুল ইসলাম হিরা বলেন, ‘এসব অভিযোগ সঠিক নয়। আওয়ামী লীগের লোকজন কি ছোট বাচ্চা যে এগুলো ভাঙচুর করবে? আমার এই বিষয়ে কোনও কিছু জানা নেই।’

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ বলেন, ‘ঘটনার বিষয়ে কেউ জানায়নি। আমরা জানি না। কালাম সাহেবের গ্রামের বাড়ি পাশাপুর এলাকায় তা জানি। কিন্তু পৌরসভার কোথাও হামলার খবর আমরা শুনিনি। বিস্তারিত জানা ছাড়া কিছু বলতে পারছি না।’