স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনে রাজধানী এবং বিভিন্ন অঞ্চলের মানুষ ছুটছেন গ্রামের বাড়িতে। এ জন্য অতিরিক্ত যানের চাপে কোথাও কোথাও যানজট সৃষ্টি হচ্ছে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বেশ কয়েকটি পয়েন্টে মঙ্গলবার সকাল থেকেই যানজট দেখা গেছে।
সরেজমিন মঙ্গলবার সন্ধ্যার পর দেখা যায়, ময়মনসিংহে ব্রহ্মপুত্র ব্রিজ সংলগ্ন পাটগুদাম থেকে শুরু করে চায়না মোড় টোল প্লাজা, কেওয়াটখালি বাইপাস রুট হয়ে শিকারিকান্দা বাইপাস মোড়, চোরখাই মোড়, ত্রিশাল বাসস্ট্যান্ড, ভালুকাসহ বেশ কয়েকটি পয়েন্টে যানজট সৃষ্টি হয়েছে। অতিরিক্ত যানের কারণে যান চলাচলে ধীরগতি হচ্ছে।
ঢাকা থেকে আসা গার্মেন্টস কর্মী শামসুন্নাহার জানান, মঙ্গলবার সকাল ৮টায় ঢাকার মহাখালী থেকে বাসে করে ময়মনসিংহের তারাকান্দার উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের কারণে ময়মনসিংহ পাটগুদাম ব্রিজ মোড়ে আসতে বিকাল ৪টা বেজে গেছে। যানজটের কারণে ঢাকা থেকে ময়মনসিংহে আসতে শামসুন্নাহারের সময় লেগেছে আট ঘণ্টা।
গাজীপুর থেকে আসা ময়মনসিংহ হয়ে শেরপুরগামী যাত্রী কামাল হোসেন জানান, গার্মেন্টস ছুটি হওয়ায় রাস্তায় যানবাহনের চাপ বেশি। এ জন্য মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানজটের সৃষ্টি হয়েছে। দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হচ্ছে। ঘরে ফেরা যাত্রীরা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েছেন।
ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঁইয়া জানান, অন্যান্য বারের ঈদের তুলনায় এবার মহাসড়কের যানজট অনেকটাই কম। পুলিশ সদস্যরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন যাত্রীরা যাতে নির্বিঘ্নে ঘরে ফিরে ঈদ করতে পারেন। তবে একসঙ্গে অতিরিক্ত যানবাহন মহাসড়কে নেমে পড়ায় কিছু কিছু পয়েন্টে ছোটখাটো যানজটের সৃষ্টি হয়েছে।