ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদ রংপুর মহানগর এবং রংপুর মেডিক্যাল কলেজ শাখা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে। সেই সঙ্গে রংপুর জেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে। মঙ্গলবার (৪ জুলাই) বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।
ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদ জরুরি এ সিদ্ধান্ত নিয়েছে।
বিজ্ঞপ্তিতে রংপুর মহানগর ছাত্রলীগ এবং রংপুর মেডিক্যাল কলেজ শাখা ছাত্রলীগের কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ার কথা উল্লেখ করা হয়েছে। তবে জেলা ছাত্রলীগের কমিটির কার্যক্রম স্থগিত করার কোনও কারণ উল্লেখ করা হয়নি।
এ ব্যাপারে রংপুর মহানগর ছাত্রলীগের একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও তাদের ফোন বন্ধ পাওয়া যায়।