নোয়াখালীর সুবর্ণচরে বন্ধুদের সাথে মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের পানিতে আমির হোসেন (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তার সঙ্গে থাকা অপর দুই বন্ধুকে স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন।
শনিবার (৮ জুলাই) বিকালে সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের শিউলি একরাম বাজার সংলগ্ন বোয়ালখালী ঘাটে এই ঘটনা ঘটে।
নিখোঁজ আমির উপজেলার চর জুবলি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি রাজমিস্ত্রির কাজ করতেন।
আমিরের জেঠাতো ভাই শামছু উদ্দিন জানান, শনিবার বিকাল ৪টায় ১০/১২ জন বন্ধু মিলে চর জুবলি থেকে শিউলি একরাম বাজার সংলগ্ন বোয়ালখালী ঘাটে মেঘনা নদীর পাড়ে যান আমির। নদীতে তখন ভাটা থাকায় তারা তিন বন্ধু পায়ে হেঁটে নদীর পাড় থেকে প্রায় ১০০ মিটার দূরে যান। এমন সময় জোয়ার এলে তারা তীরে ফিরতে না পেরে নদীর পানিতে ভেসে যান। এ সময় স্থানীয় জেলেরা দুই জনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমিরের খোঁজ মেলেনি।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহি উদ্দিন চৌধুরী জানান, আমিরের পরিবারের সদস্যরা নদীতে তার নিখোঁজের বিষয়টি আমাদের জানান। আমরা স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধারে অভিযান অব্যাহত রেখেছি।