বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

দিনাজপুরে বাবা হত্যার দায়ে বৈদ্দ কিস্কু (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১২ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

রবিবার (২৩ জুলাই) দুপুরে দিনাজপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ শ্যামসুন্দর রায় আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা দেন। বিষয়টি নিশ্চিত করেন সরকারি কৌঁসুলি (পিপি) রবিউল ইসলাম। 

দণ্ডপ্রাপ্ত বৈদ্দ কিস্কু বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর এলাকার বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি রবিউল ইসলাম জানান, ২০১৮ সালের ৬ অক্টোবর সন্ধ্যায় পারিবারিক কলহের জেরে বাবা তালা কিস্কুকে ছেলে বৈদ্দ কিস্কু ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান তালা কিস্কু। এই ঘটনায় পরের দিন নিহতের দ্বিতীয় স্ত্রী সুমি হাসদা বাদী হয়ে বোচাগঞ্জ থানায় বৈদ্দ কিস্কুর বিরুদ্ধে হত্যা মামলা করেন।