স্ত্রীকে হত্যার অপরাধে স্বামীর যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চামেলী বেগম (২৪) নামে এক নারীকে হত্যার দায়ে তার স্বামী রাশেদুল ওরফে রাশদকে (৪৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. শাহাবুদ্দিন এ রায় দেন। এ সময় আসামি উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত রাশেদুল ওরফে রাশদ ঝিনাইদহের শৈলকুপার আবু বক্কর সিদ্দিকের ছেলে। স্ত্রী চামেলীকে নিয়ে তিনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে বসবাস করতেন।

বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘নয় জন সাক্ষীর সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে এ রায় দেওয়া হয়েছে।’

মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালের ২ আগস্ট পারিবারিক কলহের জের ধরে চামেলীকে হত্যা করা হয়। পরবর্তী সময়ে এ ঘটনায় চামেলীর ভগ্নিপতি শাহজাহান বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা করেন।