কক্সবাজারে বাস তল্লাশি করে ৩ কেজি হেরোইন উদ্ধার

কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার স্টেশনের কাছে যাত্রীবাহী বাস তল্লাশি করে তিন কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করেছে বিজিবি। সোমবার (২৮ আগস্ট) সকালে এই হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের সূত্র ধরে ঢাকা থেকে কক্সবাজারমুখী একটি যাত্রীবাহী বাস সদর উপজেলার বাংলাবাজার স্টেশনে পৌঁছালে বিজিবির একটি টিম সেটিকে থামায়। পরে বাসে তল্লাশি চালিয়ে পলিথিন মোড়ানো একটি ব্যাগ থেকে তিন কেজি ১৪৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানান, জব্দ হেরোইনের মালিককে পাওয়া যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।