নরসিংদীতে নতুন অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন রবিবার



নরসিংদীনরসিংদীতে বেসরকারি ব্যবস্থাপনায় নির্মিত অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন হবে আগামী রবিবার (২৮ ফেব্রুয়ারি)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল সাড়ে দশটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অর্থনৈতিক অঞ্চলের উদ্বোধন করবেন।
নরসিংদীর পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
পলাশ উপজেলার কাজৈর ও কাজিরচর মৌজায় শীতলক্ষ্যা নদীর তীরে ২শ একর জমির ওপর এই অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তুলবে বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এ কে খান অ্যান্ড কোম্পানি লি.।
কোম্পানির ব্যবস্থাপক (লজিস্টিক অ্যান্ড শিপিং পোর্ট) মো. এমরান মিয়া চৌধুরী জানিয়েছেন, ‘এরইমধ্যে প্রায় ২শ’ একর ভূমির ওপর ৭০ মিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। জমিতে বালি ভরাটের কাজ প্রায় শেষ পর্যায়ে। কিছু দিনের মধ্যেই অবকাঠামো নির্মাণ কাজ শুরু হবে। এটি শেষ হলে প্রকল্পের কারিগরি কাজ শুরু হবে। কন্টেইনার টার্মিনালসহ এই অর্থনৈতিক অঞ্চলে গড়ে তোলা হবে বস্ত্র, ওষুধ, কৃষি নির্ভর শিল্প এবং ঘড়ি, ডিজিটাল যন্ত্রপাতি, চিকিৎসা, অপারেশন ও জীব বিজ্ঞানের যন্ত্রপাতি তৈরির কারখানা। অর্থনৈতিক অঞ্চলে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান (ইটিপি) স্থাপন ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলা হবে।’

তিনি আরও জানান, এই কনটেইনার টার্মিনাল ও শিল্প এলাকা স্থাপিত হলে বিদেশ থেকে পণ্য আমদানি রফতানির ক্ষেত্রে এক বৈপ্লবিক পরিবর্তন সূচিত হবে। চট্টগ্রাম ও মংলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে নৌপথে পণ্য আমদানির নয়া দিগন্ত উন্মোচিত হবে এবং সড়ক ও রেলপথে চাপ কমে যাবে। পরিবহন ব্যয় সড়ক ও রেল পথের তুলনায় দেড়গুণ কমে যাবে। চট্টগ্রাম বন্দর থেকে বার্জযোগে মালামাল খুব সহজেই নদীপথে এ কে খান কনটেইনার টার্মিনালে পৌঁছে যাবে। আর এখানে বিপুল সংখ্যক লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে।

/জেবি/এএইচ/