জ্ঞাত আয় বহির্ভূত প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করার দায়ে ফরিদপুরের মধুখালীর ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) এক পিয়নকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মোকছেদ মোল্লা (৫৪) নামে ওই পিয়নের বিরুদ্ধে মামলাটি করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ফরিদপুর জেলা দায়রা জজ আদালতের বিচারক মো. আকবর আলী তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মোকছেদ মোল্লা ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মৃত আব্দুল মালেক মোল্লার ছেলে। তিনি মধুখালী উপজেলায় রাষ্ট্রীয় মালিকানাধীন ইউটিলিটি ও বিদ্যুৎ সংস্থা ওজোপাডিকোর পিয়ন পদে কর্মরত বলে জানিয়েছে দুদক ফরিদপুর জেলা কার্যালয়।
আদালত সূত্রে জানা যায়, মোকছেদের বিরুদ্ধে ৪৭ লাখ এক হাজার ১২০ টাকা অবৈধ সম্পদ অর্জন এবং সম্পদ বিবরণীতে ৩১ লাখ ৯০ হাজার ৪২০ টাকার তথ্য গোপন করার দায়ে একটি মামলা দায়ের করে দুদক। এ মামলায় স্বেচ্ছায় আদালতের হাজির হয়ে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাড. মজিবুর রহমান বলেন, ‘দুদকের মামলায় মোকছেদ মোল্লা নামে ওজোপাডিকোর এক পিয়ন আদালত হাজির হয়ে জামিন আবেদন করেন। আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। পরে তাকে পুলিশ পাহারায় ফরিদপুরের কারাগারে পাঠানো হয়েছে।’