মেহেরপুর সদর উপজেলার বাজিতপুর সীমান্তবর্তী গ্রাম থেকে হেরোইনসহ দুজনকে আটক করেছে বিজিবি। আটক দুজনের একজন সাময়িক বহিষ্কৃত পুলিশ সদস্য। তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় বাজিতপুর গ্রামের ভারতীয় সীমান্তের ১২০ নম্বর মেইন পিলারের কাছ থেকে দুজনকে আটক করা হয়।
আটক দুজন হলেন– মুজিবনগর উপজেলার পরানপুর গ্রামের মৃত আফসার আলীর ছেলে সাময়িক বহিষ্কৃত পুলিশ সদস্য আশরাফুল ইসলাম; সদর উপজেলার রায়পুর গ্রামের মন্টু শেখের ছেলের সবুজ শেখ।
বাজিতপুর বিজিবি ক্যাম্প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বাজিতপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ওই দুজনকে আটক করেন। এ সময় তাদের কাছ থেকে তিন গ্রাম হেরোইন এবং একটি মোটরসাইকেল জব্দ করে ক্যাম্পে নিয়ে আসা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে মেহেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, সাময়িক বহিষ্কৃত পুলিশ সদস্যসহ দুজনকে সীমান্ত এলাকা থেকে হেরোইনসহ আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।