বরিশালে বিএনপির দুই সাবেক এমপিসহ আটক ১৫ নেতাকর্মী কারাগারে

অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে বরিশাল নগরী থেকে বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, দক্ষিণ জেলা ও মহানগরের আহ্বায়কসহ ১০ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে তাদের আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন স্থান থেকে আরও পাঁচ জনকে আটক করা হয়েছে। পরে আটক ১৫ জনের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে।

এদিকে, অবরোধের দ্বিতীয় দিনে জেলায় লঞ্চ ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। তবে বিভিন্ন স্থানে টায়ার জ্বালিয়ে ভীতিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা করেন বিএনপি নেতাকর্মীরা।

আটক নেতাকর্মীদের মধ্যে রয়েছেন– বিএনপির কেন্দ্রীয় কমিটির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট বিলকিস জাহান শিরীন, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও বরিশাল-৬ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আলী হায়দার বাবুল এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।

বরিশাল-ঢাকা মহাসড়কের সিঅ্যান্ডবি রোড এলাকায় অবরোধের পক্ষে বিক্ষোভ মিছিলের প্রস্তুতিকালে তাদের আটক করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘আজ সকাল থেকে দুপুর পর্যন্ত ১৫ জনকে আটক করা হয়। বিকালে কোতয়ালি মডেল থানার এসআই খোকন চন্দ্র দে বাদী হয়ে ২০ জন নামধারী এবং অজ্ঞাতনামা ২শ’ জনকে আসামি করে নাশকতার মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতার ১৫ জনকে বিকালে কারাগারে পাঠানো হয়।’

মহানগর বিএনপির দফতর বিষয়ক সম্পাদক জাহিদুর রহমান রিপন জানিয়েছেন, নগরীর বিভিন্ন স্থান থেকে তাদের ১৬ জন নেতাকর্মীকে আটক করে পুলিশ। পরে ১৫ জনের বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠায়।

এদিকে, বরিশালে নৌযান ও বাস চলাচল স্বাভাবিক রয়েছে। মানুষের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।