নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর হোসেন বলেছেন, ‘এই নির্বাচন কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকে সব নির্বাচনে ভোটের দিন ব্যালট বক্স পাঠানো হয়েছে। অন্তত এই কথা কেউ বলার সুযোগ পাবে না যে, আগের রাতেই ভোট হয়েছে। আপনারা বিনা দ্বিধায় ভোট কেন্দ্রে যাবেন, আপনার পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। স্বাধীন ভাবে ভোট দেবেন।’
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং অফিসার ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
নির্বাচন সুষ্ঠু হবে উল্লেখ করে তিনি বলেন, ‘যেকোনও সন্ত্রাসমূলক কাজ করে নির্বাচন বন্ধ করা যাবে না। আমাদের লাখ লাখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাঠে থাকবে। আমরা আশা করি, এবার ভালো ভোটার উপস্থিতি হবে। এবার অনেক প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে ভালো প্রতিযোগিতা হবে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা বাদ দিলে, বাংলাদেশের নির্বাচনের অবস্থা ভালো আছে। নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে এবং জাতি অত্যন্ত উৎসবের সঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবে।’
সাংবাদিকদের উদ্দেশ করে নির্বাচন কমিশনার বলেন, ‘আপনারা কোনও কেন্দ্রে অপ্রীতিকর কিছু দেখলে রিটার্নিং কর্মকর্তার কাছে জানান, তারা ব্যবস্থা নেবেন। সব গণমাধ্যম সব সময় সঠিক খবর দেয়, তাও না। সোশাল মিডিয়ায় বেশির ভাগ এডিটেড জিনিস থাকে। তবে, আপনাদের পাঠানো তথ্যটা আমরা তদন্ত করবো। যদি সত্য হয়, তখন দেখবেন ব্যবস্থা নিই কিনা।’
প্রার্থীদের প্রচার-প্রচারণায় বাধা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আইন সবার জন্য সমান। সবাই সমানভাবে নিজ নিজ প্রচার করতে পারবেন। আমাদের র্যাব, পুলিশ, ম্যাজিস্ট্রেট মাঠে আছে। নির্বাচনের হাওয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে। আনন্দমুখর পরিবেশেই শুরু হয়েছে। প্রার্থীরা ভোটারদের বাড়ি বাড়ি যাবেন, ভোট দেওয়ার জন্য তাদের উদ্বুদ্ধ করবেন।’
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হক, জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের অন্য কর্মকর্তারা।