ভোটারদের ভোটকেন্দ্রে আসার উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবো: ইসি হাবিব

নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আহসান হাবিব খান বলেছেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে আসার জন্য আমরা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করবো এবং নিরাপত্তা প্রদান করবো। যাতে নির্বিঘ্নে-নির্ভয়ে তারা কেন্দ্রে এসে নিজের ভোট যাকে খুশি তাকে দিতে পারেন। ভোটকেন্দ্রের শৃঙ্খলা রক্ষার বিষয়ে নির্বাচন কমিশন জিরো টলারেন্স নীতি প্রদর্শন করবে।’

দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন-২০২৪ উপলক্ষে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে আচরণবিধি ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৃহস্পতিবার দুপুরে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নির্বাচনকালে সুরক্ষা ও সমান সুযোগ নিশ্চিতের ব্যাপারে আশ্বস্ত করাই আজকের মতবিনিময় সভার উদ্দেশ্য ছিল। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সব প্রার্থীকে একইভাবে দেখা এবং কোনও প্রকার পক্ষপাতিত্ব না করার বিষয়ে সবার সামনে প্রার্থীদের আশ্বস্ত করেছেন। আমার প্রত্যাশা, দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন সুন্দর, অবাধ, নিরপেক্ষ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।’

তিনি বলেন, ‘নির্বাচন কার্যক্রমের সঙ্গে জড়িত কর্মকর্তারা শতভাগ সততার সঙ্গে কাজ করবেন বলে আশ্বস্ত করেছেন। প্রার্থীরা যাতে নির্বিঘ্নে, নির্দ্বিধায় ও নিরাপত্তার সঙ্গে নির্বাচনি প্রচারণা করতে পারেন সেজন্য প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তৎপর রাখা হয়েছে।’

খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সরোজ কুমার নাথের সভাপতিত্বে মতবিনিময় সভায় মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, রেঞ্জ ডিআইজি মো. মঈনুল হক, বিজিবি ও কোস্টগার্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন।