মিয়ানমার থেকে কক্সবাজারে পাচারকালে দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) এবং ৫৮ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার পৃথক এই অভিযান চালিয়ে এই মাদক উদ্ধার করে র্যাব।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার জ্যেষ্ঠ সহকারী পরিচালক এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, মিয়ানমার থেকে অবৈধভাবে ক্রিস্টাল মেথ পাচার হয়ে আসার খবর পায় র্যাব। বুধবার বিকালে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকায় অভিযান শুরু করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে খাইরুল বশর (৩২) নামে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করে। ধাওয়া করে খাইরুলকে আটক করেন র্যাব সদস্যরা। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে ১০ কোটি টাকা মূল্যের দুই কেজি ক্রিস্টাল মেথ (আইস) উদ্ধার করা হয়। আটক খাইরুল বশর জাদিমুরা এলাকার নজির আহমদের ছেলে।
অপরদিকে, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী রোহিঙ্গা আশ্রয় শিবিরের ক্যাম্প-৮/ই-এ’তে অভিযান চালিয়ে ৫৮ হাজার ইয়াবাসহ আবদুল আমিন (৩০) নামে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। তাকে ইয়াবা বেচাকেনার সময় আটক করা হয়।
তিনি আরও জানান, এ ব্যাপারে টেকনাফ ও উখিয়া থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।