ঝিনাইদহে বাস শ্রমিককে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

ঝিনাইদহঝিনাইদহে বাস শ্রমিককে মারধর করার প্রতিবাদে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে পৌনে ১১টা পর্যন্ত ঝিনাইদহ বাস টার্মিনাল এলাকায় এ অবরোধ চলতে থাকে। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
শ্রমিকরা জানান, সকালে মহাসড়কে ইজিবাইক চালাতে বাধা দেওয়ায় ইজিবাইক শ্রমিকরা কালু নামে এক বাস শ্রমিককে মারধর করে। এ ঘটনার প্রতিবাদে হামলাকারীকে গ্রেফতার ও মহাসড়কে ইজি বাইক চলাচল বন্ধের দাবিতে বাসশ্রমিকরা ঝিনাইদহ-মাগুরা মহাসড়ক অবরোধ করে।
এতে ঝিনাইদহ থেকে যশোর-কুষ্টিয়া-চুয়াডাঙ্গা ও মাগুরার যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ হামলাকারীকে গ্রেফতার করার আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেয়।
ওসি বলেন, একটি অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে সড়ক অবরোধ হয়েছিল। পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

/জেবি/এইচকে/