চুরির অপবাদে যুবককে রাতভর নির্যাতন করে হত্যার অভিযোগ

যশোরে ফয়জুল গাজী (২৭) নামে এক যুবককে চুরির অপবাদ দিয়ে রাতভর নির্যাতন করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শনিবার দিবাগত রাতে যশোর সদরের সতীঘাটা এলাকায় একটি ওয়ার্কশপে এ ঘটনা ঘটে।

নিহত ফয়জুল গাজী সতীঘাটা গোলদারপাড়া এলাকার জালাল উদ্দীন গাজীর ছেলে।

রামনগর ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মারুফ হোসেন জানান, তারা জানতে পারেন রাতে ফয়জুল গাজী সতীঘাটার একটি ওয়ার্কশপে লোহার যন্ত্রপাতি চুরি করতে যায়। তখন অজ্ঞাত কয়েকজন তাকে আটকে রেখে রাতভর নির্যাতন করে। দুর্বৃত্তরা তার পা ভেঙে দেয়, শিরা কেটে দিয়ে ফেলে রাখে। রবিবার সকালে স্থানীয়রা সেখানে ওই যুবককে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, ‘যতটুকু জানি ফয়জুল গাজী ছেলে হিসেবে সৎ। তবে লোকমুখে শুনছি, গতরাতে অন্য কারও প্রলোভনে চুরি করতে যায়। তবে এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা জানতে পারিনি।’

যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, ‘জানতে পেরেছি, গতকাল রাতে সতীঘাটায় একটি লোহার ওয়ার্কশপে রাতভর ফয়জুল গাজীকে আটকে রেখে নির্যাতন করা হয়। সে ওখানে চুরি করতে গিয়েছিল বলে জানতে পেরেছি। সকালে লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতাল মর্গে রয়েছে।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনায় আমরা চার জনকে পুলিশ হেফাজতে নিয়েছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’