কক্সবাজারের টেকনাফে অজ্ঞাত সন্ত্রাসীর ছুরিকাঘাতে রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে টেকনাফের নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে তাকে ছুরিকাঘাত করা হয়। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন টেকনাফ থানার ওসি মুহাম্মদ ওসমান গনি।
নিহত যুবক নূর মোহাম্মদ (৩০) নয়াপাড়া ক্যাম্পের ডি ব্লকের বাসিন্দা।
ওসি জানিয়েছেন, সকালে নূর মোহাম্মদকে নিজ বাসায় যাওয়ার পথে ডি-ব্লক সংলগ্ন পানির ট্যাংকির সামনে অজ্ঞাত সন্ত্রাসী ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আশেপাশের লোকজন ওই যুবককে উদ্ধার করে ক্যাম্প সংলগ্ন আইপিডি হাসপাতালে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে কক্সবাজার সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।