ঝিনাইদহে ট্রাকভর্তি সবজির মধ্যে ফেনসিডিল পাচারের সময় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, শনিবার রাতে সদর উপজেলার মধুপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক দুজন হলো– চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বকন্ডিয়া গ্রামের মুসা করিমের ছেলে অমেদুল হক এবং দৌলতদিয়া হাতিকাটা গ্রামের আবুল হোসেনের ছেলে রাসেল আহমেদ।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, ফেনসিডিল ঢাকায় পাচার হচ্ছে– এমন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ মধুপুর এলাকায় চেকপোস্ট বসায়। সে সময় একটি মিনি ট্রাকের গতিরোধ করলে সবজির মধ্য থেকে ৪৪৮ বোতল ফেনসিডিল পাওয়ায় যায়। আটক করা হয় দুজনকে। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে মামলা দায়ের করে আসামিদের গ্রেফতার দেখানো হয়েছে।