সিলেটে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া

সিলেট নগরীর আখালিয়া এলাকায় পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে পুলিশসহ অনেকে আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ফাঁকা গুলি, টিয়ারশেল ও সাউন্ড ছোড়ে। এ ঘটনায় পুলিশ আট জনকে আটক করেছে।

শুক্রবার (২ আগস্ট) বিকাল ৪টায় নগরীর এলাকায় এই সংঘর্ষ ঘটে।

জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পূর্বনির্ধারিত কর্মসূচি হিসেবে মিছিল নিয়ে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ক্যাম্পাসে প্রবেশ করার চেষ্টা করেন শিক্ষার্থীরা। পুলিশ তাদের বাধা দেয়। পরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে নগরীর মদিনা মার্কেট এলাকার দিকে এগোতে থাকেন। আন্দোলনকারীরা বিকাল ৪টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। ছত্রভঙ্গ হয়ে যায় মিছিল।

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ জানান, এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন এবং আট জনকে আটক করা হয়েছে।