‘শিগগিরই একনেকে উঠবে কালুরঘাটে নতুন সেতু নির্মাণ প্রকল্প’

রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকী বলেছেন, ‘কালুরঘাটে নতুন সেতু নির্মাণের বিষয়ে কোরিয়ার সঙ্গে আমাদের নতুন চুক্তি হয়েছে। প্রকল্পটি অনুমোদনের চূড়ান্ত পর্যায়ে আছে। এ সরকার আসার পরে একটি একনেক সভা হয়েছে। তবে ওই সভাতে প্রকল্পটির অনুমোদন হয়নি। আমরা আশা করি, পরবর্তী যেকোনও একনেক সভায় এটির অনুমোদন হবে।’

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকালে কালুরঘাট রেল সেতু পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব বলেন, ‘আশা করি, আগামী অক্টোবর মাসেই এটির অনুমোদন হয়ে যাবে। অনুমোদন হয়ে গেলে কিছু অফিসিয়াল কাজ আছে, সেগুলো সম্পন্ন করে সেতুর কাজ শুরু করতে পারবো। তবে তার আগে বিধিবিধান মেনে সরকারি টেন্ডার প্রক্রিয়া হবে। সেতুটি বাস্তবায়ন হলে বোয়ালখালী তথা দক্ষিণ চট্টগ্রামের দুঃখ অনেকটা কেটে যাবে।’

তিনি বলেন, ‘বুয়েট প্রকৌশলী দ্বারা পরীক্ষা করেই পুরনো সেতুটি সংস্কার করা হয়েছে। রেল চলাচলে সেতুতে কোনও ঝুঁকি নেই। শতভাগ নিরাপত্তা নিশ্চিত করেই সেতুটি রেলের উপযোগী করা হয়েছে। এখনও সেতুটি সংস্কার চলছে। সংস্কার শেষ হলেই যানবাহন চলাচল স্বাভাবিক হবে। ধারণা করছি, আগামী এক মাসের মধ্যে যান চলাচল স্বাভাবিক হবে।’

চট্টগ্রাম-দোহাজারী রুটে দীর্ঘদিন ধরে লোকাল ট্রেন বন্ধের বিষয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম বলেন, ‘ইঞ্জিনের সংকটের কারণে লোকাল ট্রেনটি আমরা বন্ধ রেখেছিলাম। ইঞ্জিনের ব্যবস্থা হয়ে গেলে আমরা পুনরায় সেটি চালু করবো।’

সেতু পরিদর্শনকালে উপস্থিত ছিলেন– বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা হিমাদ্রি খীসা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালেয়র ছাত্র মো. মিজান, মো. রাব্বিসহ রেলওয়ের নেতৃবৃন্দ।