দিনাজপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল হত্যা মামলায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমাম আবু জাফর রজ্জবকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারের পর সোমবার সন্ধ্যায় তাকে কোতয়ালি থানায় সোপর্দ করেছেন র্যাব সদস্যরা।
এর আগে বিকালে জেলার বীরগঞ্জ উপজেলায় আত্মীয়ের বাড়ি থেকে রজ্জবকে গ্রেফতার করা হয়। তিনি দিনাজপুর শহরের বাহাদুরবাজার এলাকার নুরুল ইসলামের ছেলে।
র্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সালমান নূর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
র্যাব জানায়, বিগত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দিনাজপুর জেলার বেশ কিছু জায়গায় সংঘর্ষে কয়েকটি হতাহতের ঘটনা ঘটে। এ সব ঘটনার পরিপ্রেক্ষিতে ইমাম আবু জাফর রজ্জবসহ অন্যদের বিরুদ্ধে দিনাজপুর জেলার বিভিন্ন থানায় মামলা রুজু হয়। এরই পরিপ্রেক্ষিতে র্যাব-১৩ সিপিসি-০১-এর একটি দল সোমবার বিকালে জেলার বীরগঞ্জ থানাধীন সুজালপুর গ্রামে এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা অবস্থায় রজ্জবকে গ্রেফতার করে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে দিনাজপুর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতয়ালি থানা সূত্রে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী রবিউল ইসলাম রাহুল নিহতের ঘটনায় গত ১৯ আগস্ট দিনাজপুর কোতয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। এই মামলায় জাতীয় সংসদের সাবেক হুইপ ইকবালুর রহিম এবং তার ভাই আপিল বিভাগের সাবেক বিচারপতি এম ইনায়েতুর রহিমসহ ২০ জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ৫০০ জনকে আসামি করা হয়। ইমাম আবু জাফর রজব সেই মামলার এজাহারভুক্ত আসামি।